ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা


আবদুল্লাহ্ ইবনু আবূ কাতাদাহ্ (রহঃ) থেকে বর্ণিতঃ


  আবূ কাতাদাহ্ (রাঃ) একবার তার কাছ থেকে ঋণ গ্রহণকারী একজনকে খোঁজ করেন। সে তার থেকে লুকিয়েছিল। পরে তিনি তাকে পেয়ে যান। সে বললঃ আমি অভাবগ্রস্ত। তিনি বললেনঃ আল্লাহর শপথ! সে বললঃ আল্লাহর শপথ। তিনি বললেনঃ তাহলে আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এটা চায় যে, আল্লাহ তাকে কিয়ামাত দিবসের দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিক সে যেন  ঋণগ্রস্ত  অক্ষম লোকের সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মওকূফ করে দেয়। (ই. ফা. ৩৮৫৫, ই. সে. ৩৮৫৪)  


সহিহ মুসলিম, হাদিস নং ৩৮৯২

হাদিসের মান: সহিহ হাদিস


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ


  রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি অসচ্ছল ( ঋণগ্রস্ত ) ব্যক্তিকে অবকাশ দিবে, আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে তার সাথে সহজ ব্যবহার করবেন। [২৪১৭]  


ফুটনোট:   [২৪১৭] তিরমিযী ১৩০৬, বায়হাকী ফিস সুনান ৫/৩৫৭, বায়হাকী ফিশ-শুআব ১১২৪৯। তাহকীক আলবানীঃ সহীহ।  


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৪১৭

হাদিসের মান: সহিহ হাদিস


 ‎


বুরায়দাহ আল-আসলামী (রাঃ) থেকে বর্ণিতঃ


  নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি ( ঋণগ্রস্ত ) অভাবী ব্যক্তিকে অবকাশ দিবে, সে দান-খয়রাত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি ঋণ শোধের মেয়াদ শেষ হওয়ার পর ও সময় বাড়িয়ে দিবে সেও প্রতিদিন দান-খয়রাত করার সওয়াব পাবে। [২৪১৮]  


ফুটনোট:   [২৪১৮] আহমাদ ২২৪৬১, ২২৫৩৭, সহীহাহ ৮৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী নুফায় আবু দাউদ সম্পর্কে আবু বিশর আদ-দাওলাবী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম তিরমিযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত তার থেকে কোন হাদিস গ্রহন করা যাবে না। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৪৬৬, ৩০/১০ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু নুফায় আবু দাউদ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৯০ টি শাহিদ হাদিস রয়েছে। তন্মধ্যে ১ টি জাল, ১৮ টি খুবই দুর্বল, ৯৬ টি দুর্বল, ৮১ টি হাসান, ৯৪ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ মুসলিম ১৫৬৫, ৩০১৫, তিরমিযি ১৩০৬, আবু দাউদ ৩৪৬০, দারিমী ২৫৮৮, আহমাদ ৫৩৩, ৩০০৮, ৪৭৩৫, ৭৩৮৩, ১৫০৯৪, ১৫০৯৫, মুসান্নাফ আবদুর রাযযাক ২৪৬৮, মু'জামুল আওসাত ৮৭৯, ৮৮৯, ২২১৭, ৪১২৪, ৪২৪১, ৪৫৩৭, ৪৫৯২, ৫০২২, ৭৯২০, ৮২৪৮।  


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৪১৮

হাদিসের মান: সহিহ হাদিস


আবুল য়াসর (রাঃ) থেকে বর্ণিতঃ


  রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে তাঁর ছায়ার নিচে স্থান দিন, সে যেন  ঋণগ্রস্ত  ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তার দেনা মাফ করে দেন। [২৪১৯]  


ফুটনোট:   [২৪১৯] মুসলিম ৩০১৪, আহমাদ ১৫০৯৪, দারেমী ২৫৮৮, রাওদুন নাদীর ৮৪৪, সহিহ আত-তারগীব ওয়াত তারহীব ৯০১, তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. আব্দুর রহমান বিন ইসহাক সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য হবে না। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার কাদারিয়্যা মতাবলম্বী হওয়ার ব্যাপারে অভিযোগ রয়েছে। ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, তিনি কাদারিয়্যা মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৫৫, ১৬/৫১৯ নং পৃষ্ঠা) ২. আব্দুর রহমান বিন মুআবিয়াহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তার হাদিস গ্রহন করা যায় তবে তা দলীল হিসেবে গ্রহণযোগ্য হবে না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশক্তি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯৬২, ১৭/৪১৪ নং পৃষ্ঠা)  


সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২৪১৯

হাদিসের মান: সহিহ হাদিস


Comments

Popular posts from this blog

আত্মীয় সম্পর্ক বজায় রাখার ফজিলত

জ্বর হওয়ার ফজিলত

স্ত্রীর হক